Facebook Twitter Instagram YouTube

নিরাপত্তার শঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ / ০
নিরাপত্তার শঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নিরাপত্তার শঙ্কা ও যাত্রীসংকটের কারণে রোববার সকাল থেকে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সড়কে সম্ভাব্য সহিংসতা ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকল্প পথে বাস চালানোর পরিকল্পনা করা হয়েছিল। গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ পর্যন্ত যাত্রীস্বল্পতা ও নিরাপত্তার ঝুঁকির কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। বাগেরহাট বাসস্ট্যান্ডের দোলা পরিবহনের কাউন্টার ম্যানেজার নাঈম শেখ জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনার জের ধরে তাদের সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে এবং ঢাকাগামী যাত্রীর সংখ্যাও অত্যন্ত কম।

এদিকে, জরুরি প্রয়োজনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাগেরহাট বাসস্ট্যান্ডে এসে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সলেমান হাওলাদার নামের এক যাত্রী জানান, কোনো বাস না পেয়ে তিনি লোকাল বাসে খুলনায় গিয়ে সেখান থেকে ঢাকাগামী বাসে যাওয়ার চেষ্টা করছেন।

অন্যদিকে, শনিবার রাতে মোল্লাহাটে মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন জানিয়েছেন, এই সহিংসতার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy