
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে মোকাবিলা করার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।
গত রবিবার (২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি এসব নির্দেশনা দেন। তিনি বলেন, দেশ ও বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে প্ররোচিত না হয়ে পুলিশ সদস্যদের পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন এবং পরিস্থিতি সামলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার প্রতি তাগিদ দেন পুলিশপ্রধান। পাশাপাশি থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে কর্মকর্তাদের তদন্তের গুণগত মান বৃদ্ধিরও নির্দেশ দেন।
অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ। তিনি দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের কড়া নির্দেশ দেন। এ ছাড়া মামলা তদন্তে আরও দায়িত্বশীল ভূমিকা রাখা, বিশেষ করে অপমৃত্যু মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিতকরণ এবং মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা সঠিক নিয়মে নথিভুক্ত করে সেগুলো কার্যকরের হার বাড়ানোর নির্দেশনা দেন অতিরিক্ত আইজি।
উক্ত সভায় অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলিসহ দেশের সামগ্রিক অপরাধ চিত্র পর্যালোচনা করা হয়। এতে খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ ও পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলাগুলোর তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে মুলতবি গ্রেপ্তার পরোয়ানা তামিল, মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি এবং অপরাধীদের সাজার হার নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :