
এইচএসসি পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িতদের শাস্তিসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের মুরাদপুরে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা এই কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় দুর্যোগের কারণে অনেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও পরীক্ষার তারিখ পরিবর্তনের আবেদন আমলে নেওয়া হয়নি। ওমায়ের নামের এক শিক্ষার্থী জানান, তারা শুধু এক বোর্ডের নয়, বরং সব বোর্ডের পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছেন। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দ্রুত সরবরাহের দাবিও জানান তারা। দাবি না মানলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
দুপুর ১২টার দিকে শিক্ষা বোর্ডের সামনে দুই শতাধিক শিক্ষার্থীকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। এতে সিডিএ অ্যাভিনিউ সড়কের ২ নম্বর গেট থেকে বহদ্দারহাটমুখী লেনে যান চলাচল স্থবির হয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ডের ভেতরে প্রবেশ করেন। তাদের দাবির বিষয়ে বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক আশ্বাস দেন। সচিব সাংবাদিকদের জানান, প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িতদের বিষয়ে আন্তবোর্ড কমিটি সিদ্ধান্ত নেবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবেশপত্রের বিষয়ে বোর্ডে যোগাযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বেলা সোয়া একটা পর্যন্ত ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।
আপনার মতামত লিখুন :