
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রতিটি শর্তই গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই দাবি করেছেন।
কাতারের সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ইসমাইল বাঘাই অভিযোগ করে বলেন, হরমুজ প্রণালীতে ইরানি কর্মকর্তাদের জন্য নির্ধারিত রুট থেকে সরিয়ে জাহাজগুলোকে একটি নির্দিষ্ট পথ ব্যবহারে বাধ্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাঁর মতে, ওয়াশিংটনের এই পদক্ষেপ দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকের শর্তাবলীর স্পষ্ট লঙ্ঘন।
চলমান এই পরিস্থিতিকে একটি "আরোপিত যুদ্ধ" হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। তিনি স্পষ্ট করে বলেন, তেহরান কখনোই কোনো যুদ্ধ শুরু করতে চায়নি। বর্তমানে তারা যে ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা কেবলই নিজেদের আত্মরক্ষার স্বার্থে।
এর আগে, যুক্তরাষ্ট্রের একের পর এক হামলার প্রতি ইঙ্গিত করে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি তেহরানের অবস্থান জানান। তিনি উল্লেখ করেছিলেন যে, ওয়াশিংটনের ধারাবাহিক হামলার কারণে ইরান এই সমঝোতা স্মারকের আওতায় থাকা নিজেদের সব ধরনের প্রতিশ্রুতি ও চুক্তির বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২২: ০১আপডেট : ১৮ জুলাই ২০২৬, ২২: ০১
আপনার মতামত লিখুন :