
ইরানের ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ছয়টি আরব দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার (১৮ জুলাই) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের দাবি অনুযায়ী, এটি তাদের অ্যারোস্পেস ফোর্সের অভিযানের ১২তম ধাপের অংশ।
আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) শুক্রবার জানায়, তারা কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, তাদের এই হামলায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শনাক্তকরণ ও ট্র্যাকিং রাডার, অস্ত্র গুদাম এবং দুটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমারস) লঞ্চার ও এগুলোর জন্য সংরক্ষিত ক্ষেপণাস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হামলায় ঘাঁটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বলেও তারা দাবি করেছে।
বিপ্লবী গার্ডের ভাষ্যমতে, সম্প্রতি বেসামরিক স্থাপনা, টেলিযোগাযোগ অবকাঠামো, রেলওয়ে শ্রমিক এবং যানবাহন লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালানো হামলার পাল্টা জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ওই মার্কিন হামলায় হতাহতের ঘটনা ঘটেছিল বলে ইরান উল্লেখ করেছে।
অন্যদিকে, ইরানের এই দাবিকে প্রতিহত করার কথা জানিয়েছে কুয়েত, কাতার, বাহরাইন ও জর্ডান। দেশগুলো জানিয়েছে, তাদের ভূখণ্ডে আঘাত হানতে আসা বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা আকাশেই ধ্বংস বা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
আপনার মতামত লিখুন :