Facebook Twitter Instagram YouTube

শহীদ ফারহানের বাবার আক্ষেপ: জুলাই এলেই আমাদের শো-অফ করা হয়


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ / ০
শহীদ ফারহানের বাবার আক্ষেপ: জুলাই এলেই আমাদের শো-অফ করা হয়

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন যে, জুলাই মাস এলেই শহীদ পরিবারের সদস্যদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু বছরের বাকি সময়ে কেউ তাদের খোঁজ রাখেন না। আজ শনিবার কলেজ মিলনায়তনে ‘আলোর পথযাত্রী’ শীর্ষক এক স্মরণসভায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

শহীদুল ইসলাম বলেন, “জুলাই এলেই সবাই আমাদের ডাকেন বিভিন্ন প্রোগ্রামে। আমাদের ছেলে জীবন দিয়েছে শুধু আমাদের শো-অফ করানোর জন্য নয়। আমরা শো-অফে অভ্যস্ত হতে চাই না।” তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারগুলো কী অবস্থায় আছে বা তারা কোনো হুমকির মুখে আছে কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী নিজে বা তার পক্ষ থেকে কেউ এখনো যোগাযোগ করেনি, যা তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।

শহীদ ফাইয়াজের বাবা রাজনৈতিক ব্যক্তিদের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দল শহীদ পরিবারগুলোকে তাদের দলের ‘ট্যাগ’ দেওয়ার চেষ্টা করে। বিভিন্ন অনুষ্ঠানে শহীদ পরিবারগুলোকে যেতে বাধ্য করা হয় এবং পরবর্তীতে তাদের ‘সরকারি দল’ বা ‘বিরোধী দল’ হিসেবে তকমা দেওয়া হয়, যা শহীদ পরিবারের সদস্যদের জন্য পীড়াদায়ক।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি ফারহান ফাইয়াজকে প্রকৃত বীর হিসেবে অভিহিত করে বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করা অত্যন্ত কঠিন ছিল। তরুণদের পুলিশ ও বুলেটের সামনে দাঁড়ানোর সাহসিকতাকে চিরকাল স্মরণ রাখার আহ্বান জানান তিনি।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ফারহান ফাইয়াজের স্মৃতি কেবল শোকের নয়, বরং সাহস ও মানবিকতার প্রেরণা। তিনি শিক্ষার্থীদের ফারহানকে আদর্শ হিসেবে বেছে নিয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার শপথ নিতে বলেন।

স্মরণসভায় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সাদাত রহমান তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ফারহান ফাইয়াজের তৎকালীন শ্রেণিশিক্ষক নজরুল ইসলাম তার আত্মত্যাগের কথা স্মরণ করে ফারহান হত্যার পেছনে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির ২৭ নম্বর সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ফারহান ফাইয়াজ বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo