
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে তৈরি স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ভোরে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটায় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে জেলাজুড়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
দুপুরে আল-সাদিক হৃদয় নামে একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভের দিকে জ্বলন্ত কাপড় নিক্ষেপ করছে। ভিডিওতে স্মৃতিস্তম্ভের পাশে আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয় সূত্র অনুযায়ী, আল-সাদিক হৃদয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে স্ত্রীসহ মালয়েশিয়ায় অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন এবং জামালপুরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতেও তাকে অংশ নিতে দেখা যেত বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার পর সরেজমিন পরিদর্শন করে স্মৃতিস্তম্ভের পাশে পোড়া কাপড় ও ছাই পড়ে থাকতে দেখা গেছে। তবে স্মৃতিস্তম্ভের মূল কাঠামোয় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তিনি জানান, তারা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন ঘটনার আশঙ্কার কথা জানিয়েছিলেন। তিনি অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শনকারী জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম জানিয়েছেন, তদন্ত ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।
আপনার মতামত লিখুন :