
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও নয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার বিকেলে আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যে কারখানাটিতে এই বিস্ফোরণ ঘটেছে, সেটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। তা সত্ত্বেও স্থানীয় একটি খামারে অবৈধভাবে আতশবাজি উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। আজ বিকেল সাড়ে তিনটার দিকে বিস্ফোরণের খবর পায় স্থানীয় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস এবং র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।
বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগর সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আহত নয়জনের সবার অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভাব্য সহায়তা দিচ্ছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে এককালীন দুই লাখ রুপি করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :