Facebook Twitter Instagram YouTube

উত্তরায় শিশুকন্যাকে আছড়ে হত্যার ঘটনায় বাবাকে গ্রেপ্তার দেখানোর আবেদন


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ /
উত্তরায় শিশুকন্যাকে আছড়ে হত্যার ঘটনায় বাবাকে গ্রেপ্তার দেখানোর আবেদন

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী নিজের শিশুকন্যা রাফা মনি কবিতাকে আছড়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে তুরাগ থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল শনিবার আদালতে এই আবেদনটি দাখিল করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আগামী মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।

ঘটনাটি ঘটে গত বুধবার সন্ধ্যায়। পারিবারিক কলহের জের ধরে কবির ইসলাম তার স্ত্রী লিমা আক্তারের কোল থেকে রাফা মনিকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর তুলে রাস্তায় আছাড় মারেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কবিরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে সে মারা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কবিরকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে শিশুটির নানি সারমীন আক্তার শুক্রবার তুরাগ থানায় কবিরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই পুলিশ তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন জানাল।

মামলার বিবরণ অনুযায়ী, রিকশাচালক কবির ইসলাম দীর্ঘদিনের মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের পর প্রায়ই তিনি স্ত্রী লিমার সঙ্গে মারধর ও ঝগড়ায় জড়াতেন। কবিরের অসুস্থ বাবাকে দেখতে বৃহস্পতিবার লিমা তার মেয়েকে নিয়ে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান। সেখানে সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়, যা শেষ পর্যন্ত এই মর্মান্তিক হত্যাকাণ্ডে রূপ নেয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy