Facebook Twitter Instagram YouTube

রাশিয়ার ওয়াইল্ডবেরিজ গুদামে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত অন্তত ৭


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ /
রাশিয়ার ওয়াইল্ডবেরিজ গুদামে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত অন্তত ৭

রাশিয়ার শীর্ষ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর দুটি গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাম্বভ শহরের একটি ওয়াইল্ডবেরিজ গুদামে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে রাতের শিফটে কর্মরত সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ২৫ জন আহত হন। তাম্বভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভেশভ জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং ছয়জনের অবস্থা গুরুতর। তিনি আরও জানান, আহতদের বেশিরভাগই শ্র্যাপনেল বা গোলার টুকরোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ওই রাতে সীমানায় ২৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলেও গভর্নর উল্লেখ করেন।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, ইলেক্ট্রস্টালের ওয়াইল্ডবেরিজ গুদামে হামলায় আহতদের কয়েকজনের অবস্থাও গুরুতর। ওয়াইল্ডবেরিজকে রাশিয়ার ‘অ্যামাজন’ হিসেবে বিবেচনা করা হয়। বিজ্ঞাপন সংস্থা রুস-এর সাথে একীভূত হওয়া এই আরডব্লিউবি গ্রুপের বাজারমূল্য ফোর্বসের ২০২৬ সালের হিসাব অনুযায়ী প্রায় ১২.৬ বিলিয়ন ডলার। এই হামলাকে রাশিয়া ও কোম্পানির জন্য একটি ‘ভয়ঙ্কর রাত’ বলে আখ্যায়িত করেছেন ওয়াইল্ডবেরিজের সিইও তাতিয়ানা কিম।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ওয়াইল্ডবেরিজের এই প্রধান লজিস্টিকস স্থাপনাগুলো রাশিয়ার ড্রোন উৎপাদন এবং নেভিগেশন সরঞ্জামের জন্য নিষেধাজ্ঞাপ্রাপ্ত উপাদান সরবরাহের কাজে ব্যবহৃত হতো। একই রাতে ইউক্রেন আজভ সাগর, কৃষ্ণ সাগর এবং রাশিয়ার দখল করা ক্রিমিয়ার বিভিন্ন রুশ সামরিক লক্ষ্যবস্তুতেও সফল আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় ১৪ জন নিহত হয়েছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh