Facebook Twitter Instagram YouTube

বাহরাইন ও কুয়েতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ /
বাহরাইন ও কুয়েতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ

ইরানের বিরুদ্ধে আবারও বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাতের এই হামলার ঘটনার পর দেশ দুটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, শত্রুপক্ষের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। প্রতিরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে জানিয়ে কর্তৃপক্ষ জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।

একই সময়ে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ প্রদান করেছে।

এর আগে সোমবার কুয়েতের পানি ও বিদ্যুৎ স্থাপনায় হামলার অভিযোগ উঠেছিল ইরানের বিরুদ্ধে। তবে মঙ্গলবারের এই হামলায় ঠিক কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়েও দুই দেশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin