Facebook Twitter Instagram YouTube

ব্ল্যাকমেইলিংয়ের শিকার দাবি জামায়াত এমপির, ভাইরাল নতুন ভিডিও


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ /
ব্ল্যাকমেইলিংয়ের শিকার দাবি জামায়াত এমপির, ভাইরাল নতুন ভিডিও

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরেকটি নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে সোমবার রাতে এক তরুণীর সাথে তার ঘনিষ্ঠ মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জুলাই) নতুন এই ভিডিওটি সামনে আসে।

১ মিনিট ৪৭ সেকেন্ডের নতুন এই ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি গাজী নজরুল ইসলাম এবং ওই তরুণীর কক্ষে প্রবেশ করে তাদের ধরে ফেলেন। এ সময় ভিডিওতে থাকা ব্যক্তিদের একজন কক্ষ থেকে জাতীয় সংসদের একটি আইডি কার্ড প্রদর্শন করেন, যেখানে 'G. M. Nazrul Islam' এবং 'Member of Parliament' লেখা ছিল। ভিডিও ধারণকারী ব্যক্তি উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, 'জামায়াতের লোক। দেখেন, সাতক্ষীরা জামায়াতের লোক এখানে ধরা খেয়েছে।' এ সময় তরুণীকে তার পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম বলতে অস্বীকৃতি জানান এবং তাকে থানায় সোপর্দ করার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তরুণী নিজেকে মরিয়ম বলে পরিচয় দেন এবং ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে এমপি নজরুল ইসলাম নিজের ফেসবুক আইডি থেকে একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি ভিডিওতে থাকা তরুণী মরিয়ম বেগমকে (১৮) নিজের বৈধ দ্বিতীয় স্ত্রী হিসেবে নিশ্চিত করেন। ১৩ জুলাই রাজধানীর মগবাজারে এই ঘটনাটি ঘটেছিল বলে তিনি জানান।

এমপি নজরুল ইসলাম দাবি করেন, এটি একটি পরিকল্পিত ব্ল্যাকমেইলিং ও রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি বলেন, ঘটনার দিন রাত আনুমানিক ১০টার দিকে তার চালক ওবায়দুল্লাহ তার কাছে পাঁচ লাখ টাকা এবং তার শ্বশুরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় অফিসের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দেওয়া হয়। দাবিকৃত চাঁদা না পেয়ে চালক ওবায়দুল্লাহ সিসিটিভি ফুটেজ এডিট করে এই বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh