
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে এই পরিদর্শনে এসে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হওয়ায় জনগণের প্রতি তাদের একটি বড় দায়বদ্ধতা রয়েছে।
দীর্ঘ আড়াই ঘণ্টার এই পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রোগীদের সেবার মান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের বিষয়, রোগীদের খাবারের মান নিয়ে বিভিন্ন অনিয়ম এবং চিকিৎসকের সংকট সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরে হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন মন্ত্রী, যেখানে বেশ কিছু অসংগতি ধরা পড়ে।
পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সামনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমরা চাই না দেশের কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাক। আমাদের যা কিছু সম্পদ ও সুযোগ রয়েছে, তা দিয়েই আমরা গরিব ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে চাই।" এ লক্ষ্য বাস্তবায়নে মোরেলগঞ্জের ৫০ শয্যার এই হাসপাতালটিকে ১০১ শয্যায় উন্নীত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
অতীতের কোনো উদাহরণ না টেনে দেশের মানুষের সার্বিক দায়িত্ব নিজেদের কাঁধে নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, "জনগণ আমাদের নির্বাচিত করেছেন। তাই সারা বাংলাদেশে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এবং স্থানীয় বিএনপি নেতা সোমনাথ দেসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :