Facebook Twitter Instagram YouTube

৫ আগস্ট উদ্বোধন হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ১০:১১ অপরাহ্ণ /
৫ আগস্ট উদ্বোধন হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

দীর্ঘ আলোচনা ও নানা সমালোচনার পর অবশেষে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ আগস্ট সকাল ৯টায় জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০২৪ সালের ৫ আগস্ট বাকস্বাধীনতা হরণ ও দীর্ঘদিনের নির্যাতনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। এই ঐতিহাসিক গণআন্দোলনের মুখে তৎকালীন শাসনব্যবস্থার পতন ঘটলে গণভবন জনতার দখলে চলে যায়। সেই ঘটনার স্মৃতি ধরে রাখতে গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় সরকার।

জাদুঘরটিতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, দুর্লভ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত পোশাক, আন্দোলনের ব্যানার ও প্ল্যাকার্ডসহ গুরুত্বপূর্ণ নানা উপকরণ সংরক্ষিত রয়েছে। এছাড়া বিগত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন নিদর্শনও এখানে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে বেশ কয়েকবার জাদুঘরটি চালুর উদ্যোগ নেওয়া হলেও তা সম্ভব হয়নি। একই সঙ্গে নির্মাণ ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সরকার সেই অনিশ্চয়তা দূর করে আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।

জাদুঘরের সভাপতি ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা মানুষের সামনে তুলে ধরাই এই জাদুঘরের মূল লক্ষ্য। তিনি বলেন, ভবিষ্যতে কোনো শাসক স্বৈরাচারী পথে হাঁটতে চাইলে এই জাদুঘর তাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। জনগণই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক এবং জনগণের প্রতিরোধের মুখে স্বৈরশাসনের পতন অনিবার্য—এই বার্তাই জাদুঘরটি স্থায়ীভাবে তুলে ধরবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin