Facebook Twitter Instagram YouTube

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের


প্রকাশের সময় : আগস্ট ২, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ /
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি ল' ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রবিবার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জানতে পেরেছে যে দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। এই জামিন আদেশ বাতিলের লক্ষ্যেই সরকার ল' ফার্ম নিয়োগ দিয়েছে। সরকারের প্রত্যাশা, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। আদালতের আদেশের সার্টিফাইড কপি সংগ্রহের কার্যক্রম চলছে এবং আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত ২৭ জুলাই বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন। দুবাইয়ের বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ-সংক্রান্ত নথিপত্র ও অন্যান্য আইনি কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিলেও দুবাই কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin