Facebook Twitter Instagram YouTube

ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে বাহাত্তরের সংবিধান বাতিলের আহ্বান ফরহাদ মজহারের


প্রকাশের সময় : আগস্ট ২, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ /
ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে বাহাত্তরের সংবিধান বাতিলের আহ্বান ফরহাদ মজহারের

ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা বিলোপের লক্ষ্যে ১৯৭২ সালের সংবিধান বাতিলের আহ্বান জানিয়েছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অডিটোরিয়ামে এবি পার্টি আয়োজিত ‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

ফরহাদ মজহার বলেন, বর্তমান সংবিধানে একদিকে জনগণকে সকল ক্ষমতার মালিক হিসেবে উল্লেখ করা হলেও, অন্যদিকে সংবিধানকেই সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। তার মতে, এই সাংবিধানিক কাঠামো জনগণের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করে। তিনি স্পষ্ট করেন যে, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার অবসান ঘটাতে হলে ১৯৭২ সালের সংবিধান পুনর্বিবেচনা নয়, বরং তা বাতিল করা জরুরি।

একাত্তর প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে কোনো আপস বা সমঝোতার সুযোগ নেই, কারণ একাত্তরের মাধ্যমেই বাঙালি জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পুরোনো রাজনৈতিক কাঠামো ও প্রচলিত ধারণা ব্যবহারের চিন্তাকে তিনি ভুল বলে অভিহিত করেন।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে ফরহাদ মজহার উল্লেখ করেন, এটি হঠাৎ কোনো ঘটনা নয়; এর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া কাজ করেছে। তিনি আরও বলেন, একটি টেকসই রাষ্ট্র গঠন করতে হলে সেক্যুলার ও দক্ষিণপন্থী ধারার মধ্যে রাজনৈতিক ঐক্যের সেতুবন্ধন তৈরি করা আবশ্যক।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার প্রেক্ষিতে তিনি বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে যদি অবৈধ বলা হয়, তবে একই সাংবিধানিক ধারাবাহিকতায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারকেও অবৈধ বলতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy