
বাংলাদেশে রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম উবার তাদের গাড়িচালকদের জন্য নতুন একটি হাইব্রিড সাবস্ক্রিপশন মডেল চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে চালকরা তাদের কাজের ধরন ও ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ‘সময়ভিত্তিক’ অথবা ‘আয়ভিত্তিক’ সাবস্ক্রিপশন পাস বেছে নিতে পারবেন।
চলতি বছরের শুরুর দিকে মোটরসাইকেল চালকদের জন্য এই সুবিধা চালু করার পর, এবার গাড়িচালকদের জন্যও একই মডেল নিয়ে এল প্রতিষ্ঠানটি। নতুন এই সাবস্ক্রিপশন মডেলে সাবস্ক্রিপশন ব্যবহারকারী চালকদের প্রতিটি ট্রিপে শূন্য শতাংশ কমিশন দেওয়ার সুবিধা থাকছে। অর্থাৎ, ট্রিপ থেকে অর্জিত পুরো অর্থই চালকের কাছে থাকবে এবং তাকে শুধু নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে।
উবারের মতে, এই নতুন ব্যবস্থা চালকদের আয়ের কাঠামোকে আরও সহজ ও পূর্বানুমানযোগ্য করে তুলবে, যা তাদের বেশি ট্রিপ নেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করবে। উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, চালকদের জন্য প্ল্যাটফর্মে কাজ আরও সহজ ও লাভজনক করাই তাদের লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন যে, বাইকচালকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরেই গাড়িচালকদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই সাবস্ক্রিপশন সুবিধার পাশাপাশি উবারের অ্যাপে জিপিএস ট্র্যাকিং, স্বচ্ছ ভাড়া নির্ধারণ এবং অ্যাপের মাধ্যমে জরুরি সহায়তার মতো নিরাপত্তা ব্যবস্থাগুলো অপরিবর্তিত থাকছে। উবার কর্তৃপক্ষ আশা করছে, এই নতুন উদ্যোগ চালকদের জন্য আয়ের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের রাইড-শেয়ারিং খাতে নিরাপত্তা, স্বচ্ছতা ও আস্থা আরও শক্তিশালী করবে।
আপনার মতামত লিখুন :