Facebook Twitter Instagram YouTube

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিবাস মজুমদার ৫ দিনের রিমান্ডে


প্রকাশের সময় : আগস্ট ২, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ /
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিবাস মজুমদার ৫ দিনের রিমান্ডে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি নিবাস মজুমদারকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার তেজগাঁও গোয়েন্দা বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান আসামি নিবাসকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তবে সেদিন রিমান্ড শুনানি না হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

রোববারের শুনানিতে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নিবাস মজুমদারকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। উল্লেখ্য যে, রাজধানীর মিরপুর পীরের বাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh