
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থান এবং আওয়ামী লীগ শাসনামলের গুম, খুন ও নির্যাতনের ঘটনায় মোট ৭১টি মামলা রয়েছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এসব মামলায় মোট আসামির সংখ্যা ৫০২ জন। এর মধ্যে ৩১৫ জন পলাতক রয়েছেন, ১৮৪ জন গ্রেপ্তার আছেন এবং একজন আসামি আত্মহত্যা করেছেন। এছাড়া একজনকে ক্ষমা করা হয়েছে এবং একজন আসামি গ্রেপ্তার থেকে রায় ঘোষণা পর্যন্ত সাজা ভোগ করেছেন।
বর্তমানে ছয়টি মামলার রায় ঘোষণা করা হয়েছে, একটি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে এবং ২৩টি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এছাড়া ৪১টি মামলা বর্তমানে তদন্তাধীন অবস্থায় রয়েছে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ছয়টি স্পর্শকাতর মামলার রায় স্বল্প সময়ে সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট। ট্রাইব্যুনাল সূত্র বলছে, আসামিদের মধ্যে অনেকের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাদের নাম একাধিকবার গণনা করা হয়েছে। যেমন শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন এবং একটি মামলার রায় হয়েছে, ফলে তাকে সাতবার গণনা করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৪ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এবং ৮ মে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ পুনর্গঠন করা হয়। এই ট্রাইব্যুনালগুলোতে জুলাইয়ের ঘটনার পাশাপাশি মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারও চলছে। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য।
রায় হওয়া ছয়টি মামলার মধ্যে শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫ জনের মধ্যে ১১ জনই পলাতক। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধেও মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া ৯৪ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বিচারাধীন ২৩টি মামলায় ৩১৬ জনের বিচার চলছে, যার মধ্যে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ বিভিন্ন বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা, রাজনীতিবিদ ও সাংবাদিকরা রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য মামলা হলো ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা। তদন্তাধীন ৪১টি মামলার মধ্যে ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, যার মধ্যে একটি মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের বিচার চলছে। শেখ হাসিনাসহ আসামি ২০৬, গ্রেপ্তার ৭৩ জন।
আপনার মতামত লিখুন :