Facebook Twitter Instagram YouTube

হাসিনাকে সংবাদ সম্মেলনে সুযোগ দেওয়া নিয়ে ভারতের ওপর ক্ষুব্ধ বিএনপি


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ /
হাসিনাকে সংবাদ সম্মেলনে সুযোগ দেওয়া নিয়ে ভারতের ওপর ক্ষুব্ধ বিএনপি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়া দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে কথা বলার সুযোগ করে দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা এ ঘটনায় নিজেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গত ৫ অগাস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে বিবিসি বাংলাকে বলেন, ভারত সরকার কেন শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দিল, সেটিই তাদের বড় প্রশ্ন। তিনি উল্লেখ করেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, কিন্তু সেখানে অবস্থান করে তিনি যেভাবে বাংলাদেশকে নিয়ে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন এবং সরাসরি গণমাধ্যমে কথা বলার সুযোগ পাচ্ছেন, তা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তিকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া নিয়ে বিএনপি ক্ষুব্ধ।

নয়াদিল্লির ওই সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিষয়ে দুঃখপ্রকাশ বা ক্ষমা চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা তা এড়িয়ে যান। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হওয়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ব্যাপারে একপক্ষকে দায়মুক্তি দেওয়া হয়েছে, তাই অন্যপক্ষের অধিকার আছে। এর জবাবে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকার জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার লক্ষণ নেই। বরং তারা ভারতে থেকে দেশের মানুষের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে, যা জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর বিচার হবে। তিনি বলেন, বিএনপি নির্বাহী আদেশে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করতে চায় না, তবে আদালত যে সিদ্ধান্ত দেবে সরকার সে অনুযায়ী কাজ করবে। শেখ হাসিনা সংবাদ সম্মেলনে তাদের দলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেও, বিএনপি নেতারা মনে করেন, ভারত সরকারের সমর্থন ছাড়া নয়া দিল্লিতে এ ধরনের সংবাদ সম্মেলন করা সম্ভব ছিল না। এ কারণেই দলটির শীর্ষ পর্যায় থেকে ভারত সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor