Facebook Twitter Instagram YouTube

ডিজিটাল ভূমি সেবায় গাফিলতি বরদাস্ত নয়: বিভাগীয় কমিশনার


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ /
ডিজিটাল ভূমি সেবায় গাফিলতি বরদাস্ত নয়: বিভাগীয় কমিশনার

ভূমি প্রশাসনকে শতভাগ প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ এবং জনবান্ধব সেবায় রূপান্তরের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং কোনো কর্মকর্তা বা কর্মচারীর অবহেলা কিংবা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগীয় কমিশনার উল্লেখ করেন, অতীতে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পাশাপাশি দালাল চক্রের হয়রানির শিকার হতেন। বর্তমান সময়ে অনলাইনে আবেদন, খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ট্র্যাকিং ব্যবস্থা চালু হওয়ায় নাগরিকরা ঘরে বসেই সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য কমাতে এবং জাল দলিল বা ভুয়া রেকর্ড রোধে কেন্দ্রীয় তথ্যভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি জানান।

নাগরিকদের উদ্দেশে মনিরুজ্জামান মিঞা বলেন, দালালদের দ্বারস্থ না হয়ে সরাসরি সরকারি পদ্ধতি বা অনলাইনের মাধ্যমে সেবা গ্রহণ করুন। এছাড়া কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি প্রণোদনা ও সামাজিক নিরাপত্তা সুবিধা প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছে দেওয়া আরও সহজতর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে ভূমি রেকর্ড, নামজারি ও ডিজিটাল মানচিত্রকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh