Facebook Twitter Instagram YouTube

বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে সচিবালয় ঘেরাও করলো ১১ দলীয় জোট


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ /
বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে সচিবালয় ঘেরাও করলো ১১ দলীয় জোট

রাজধানীতে বিদ্যুৎ ও গ্যাস সংকট, বিতর্কিত ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছে ১১ দলীয় জোট। বুধবার দুপুরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের সামনের সড়কে এসে অবস্থান নেন। এই কর্মসূচি ঘিরে সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সমাবেশে বক্তারা সরকারের কাছে ১১ দফা দাবি তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তাদের দাবির মধ্যে রয়েছে গত তিন মাসের ভুতুড়ে বিদ্যুৎ বিলের গণশুনানি করা, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়া, প্রিপেইড ও পোস্টপেইড মিটারের অযৌক্তিক ডিমান্ড চার্জ বাতিল করা এবং অতিরিক্ত আদায় করা অর্থ গ্রাহকদের ফেরত দেওয়া। এছাড়া বিদ্যুৎ বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ‘গ্যাস না থাকলে বিল নয়’—এই নীতি কার্যকর করার দাবি জানানো হয়।

জোটের পক্ষ থেকে জ্বালানি খাতের সংস্কারের অংশ হিসেবে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মহেশখালী এলএনজি টার্মিনালের ব্যর্থতার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি তোলা হয়েছে। একই সঙ্গে গ্যাসের সিস্টেম লস ও চুরি বন্ধ, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত এবং এই খাতের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

দ্রব্যমূল্যের বিষয়ে নেতারা বলেন, বাজারে সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকটের কারণে সাধারণ মানুষ চরম দুর্দশার শিকার হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত বাজার তদারকি, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের দাম স্থিতিশীল রাখার দাবি জানান তারা। জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, উত্থাপিত ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin