Facebook Twitter Instagram YouTube

ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ /
ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ব্রিকস সম্মেলন হতে এখনো অনেক দেরি এবং এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সরকার বর্তমানে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন কর্মসূচি, রাষ্ট্রপতি নির্বাচন এবং আসন্ন সংসদ অধিবেশন নিয়ে অত্যন্ত ব্যস্ত। সাংবিধানিক অনেক কাজ সামনে রয়েছে এবং সরকার ও প্রধানমন্ত্রী সেই কাজে ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, সবকিছু যদি অনুকূলে থাকে তবে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে এবং অন্যান্য দেশেও সফর হবে। তবে সব দেশ সফরের ক্ষেত্রেই সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময় এবং দুই দেশের আলোচনার অগ্রগতির ওপর।

দ্বিপক্ষীয় আলোচনার গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ বলেন, দুই দেশের প্রধান যখন বসেন, তখন অনেক সমস্যার সমাধান হওয়ার সুযোগ থাকে। তিনি আশা প্রকাশ করেন যে, ভারত সেই সুযোগের সদ্ব্যবহার করবে। তবে তিনি সতর্ক করে বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি ভারতের মাটিতে বসে কথা বললে তা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয় না। জুলাই মাসের আন্দোলনের রক্তের দাগ এখনো শুকায়নি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সংবেদনশীল থাকা প্রয়োজন এবং ভারত বিষয়টি মনে রাখবে বলেই সরকার প্রত্যাশা করে।

পরিশেষে তিনি আবারও জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরসহ কোনো সফরই এখনো চূড়ান্ত নয়। দুই দেশের সঙ্গে আলোচনার মাধ্যমেই সবকিছু নির্ধারিত হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy