
জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এই নতুন তারিখ নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, মামলার চারজন আসামি বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় চার্জগঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে আদালত এদিন কারাগারে থাকা আসামিদের হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট বা হাজতি পরোয়ানা জারি করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় একই এলাকায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুজন আহত হয়েছিলেন। ঘটনার পর হোসেনের মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান তদন্ত শেষে শেখ হাসিনাসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলায় শেখ হাসিনাসহ ২০ জন আসামি পলাতক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পলাতকদের তালিকায় শেখ হাসিনা ছাড়াও রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন বর্তমানে কারাগারে আছেন এবং ১০ জন আসামি জামিনে রয়েছেন।
আপনার মতামত লিখুন :