Facebook Twitter Instagram YouTube

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ /
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় মো. রাব্বী (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে এ নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাব্বী পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে রাব্বী দৌড়ে একটি দোকানের ভেতর আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, নিহতের প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বিরোধের জের ধরেই রাব্বীকে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন ওসি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor