
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লোকাল জিপ গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন নয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন চকরিয়া উপজেলার সেগুন বাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), সিয়ালকাটা এলাকার মৃত মন্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারীয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মো. রফিক (২৯) এবং নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে জিয়াবুল হক (২৫)।
আহতদের মধ্যে রয়েছেন ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার জিয়াবুল হক (৪০), নাপিতখালী এলাকার মো. সরোয়ার (১৯) ও সৈয়দ আলম (৫০), চকরিয়ার মেধাকচ্ছপিয়া এলাকার দেলোয়ার হোসেন (৩৫) এবং টেকনাফ উপজেলার কিরনতলী এলাকার সৈয়দ করিম (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার অভিমুখী বেপরোয়া গতির লাল-সবুজ পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই লোকাল জিপ গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় জিপ গাড়িটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং এতে জিপে থাকা ৯ যাত্রী আহত হন। মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালায়। আহতদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল এবং কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ৪ জনের মৃত্যু হয় এবং বাকি ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সামছুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :