Facebook Twitter Instagram YouTube

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ২০২৮ সালের জুনের মধ্যে শেষ করার নির্দেশ


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ /
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ২০২৮ সালের জুনের মধ্যে শেষ করার নির্দেশ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজ সর্বোচ্চ মান বজায় রেখে ২০২৮ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

সভায় প্রকল্পটির বর্তমান ভৌত ও আর্থিক অগ্রগতির পাশাপাশি মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সচিব জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর সাথে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। এটি সাভার, আশুলিয়া ও ইপিজেড এলাকার যাতায়াত সহজতর করবে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয়ে ঢাকার মূল যানজট নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পের কাজ দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্মাণাধীন এলাকায় সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখা, পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা, দিকনির্দেশক সাইনবোর্ড স্থাপন ও উন্নত নিরাপত্তা বেষ্টনী তৈরি করা। এছাড়া, আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি লাইন দ্রুত স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট সেবাদাতা সংস্থাগুলোর সাথে সমন্বয় বৃদ্ধি এবং জমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কাজের মান সার্বক্ষণিক তদারকির জন্য প্রজেক্ট স্টিয়ারিং কমিটি, পরামর্শক এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ে নিয়মিত সাইট ভিজিট ও সমন্বয় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প পরিচালকসহ দেশি-বিদেশি প্রতিনিধিদের উপস্থিতিতে সভা শেষে সচিব নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন করার একটি স্পষ্ট রূপরেখা প্রদান করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy