Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ /
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি

দেশের তেইশতম রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে গিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা এই মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী এবং হাবিব উন নবী খান সোহেল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি এ এম এম নাসির উদ্দিন এবং ইসি সচিব আখতার আহমেদ মনোনয়নপত্রটি গ্রহণ করেন।

এর আগে, দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে দলের চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের এক বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। ওই বৈঠকেই মির্জা ফখরুল দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেন।

বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল এবং দুটিই জমা দেওয়া হয়েছে। দুটি মনোনয়পত্রেরই প্রস্তাবক হিসেবে রয়েছেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান এবং সমর্থনকারী হিসেবে রয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

উল্লেখ্য, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতি পদটি শূন্য হয়। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। সিইসি গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন, যেখানে মনোনয়নপত্র যাচাইয়ের তারিখ ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এদিন দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকের শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেন চেয়ারম্যান তারেক রহমান। সেখানেই বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ান মির্জা ফখরুল।

রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin