
মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং দেশে-বিদেশে কর্মক্ষেত্র তৈরির লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মবাজারমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই এ বিষয়ে একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হবে।
সোমবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মাদ্রাসায় উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মসংস্থান’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বে থাকা অধ্যাপক মামুন বলেন, সরকারের উন্নয়ন ভাবনার একটি বড় অংশজুড়ে রয়েছেন মাদ্রাসা শিক্ষার্থীরা। আগের সরকার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিলেও বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নয়ন ও তাদের ভাগ্য পরিবর্তন করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ।
তিনি আরও বলেন, অন্যান্য শিক্ষা ধারার শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষতার যে ব্যবধান রয়েছে, তা কমিয়ে আনাই সরকারের লক্ষ্য। এই উদ্যোগ বাস্তবায়নে ‘বটম-আপ অ্যাপ্রোচ’ অনুসরণ করা হচ্ছে, যেখানে ওপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কারিকুলাম প্রণয়ন করা হবে। চূড়ান্ত কর্মপরিকল্পনাটি পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
কর্মশালায় মাদ্রাসা শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার সুযোগ, ইউজিসির উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্তি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। শিক্ষার্থীদের স্টার্টআপসহ বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে দেশে-বিদেশে কর্মসংস্থানের পথ প্রশস্ত করার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন। এছাড়া সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা মাদ্রাসা শিক্ষার্থীরা কীভাবে কাজে লাগাতে পারেন, সে বিষয়েও আলোচনা হয়।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী এবং কোষাধ্যক্ষ শাহীনুল ইসলাম। কর্মশালায় ৩০০ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :