Facebook Twitter Instagram YouTube

৮ ডিসেম্বর শুরু জুনিয়র বৃত্তি পরীক্ষা, শেষ হবে ১৫ ডিসেম্বর


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ /
৮ ডিসেম্বর শুরু জুনিয়র বৃত্তি পরীক্ষা, শেষ হবে ১৫ ডিসেম্বর

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ জানিয়েছেন, ১৫ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ডগুলোর সাথে আলোচনার ভিত্তিতে এই সূচি চূড়ান্ত করা হয়েছে।

অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের চারটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর মঙ্গলবার বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে কার্যক্রম শুরু হবে। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ইংরেজি, ১৩ ডিসেম্বর রোববার গণিত এবং ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত—এই তিন বিষয়ের প্রতিটির জন্য ১০০ নম্বর করে বরাদ্দ রয়েছে এবং প্রতিটি পরীক্ষার সময় তিন ঘণ্টা। শেষ দিনে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে, যেখানে প্রতিটি বিষয়ের জন্য দেড় ঘণ্টা করে মোট তিন ঘণ্টা সময় থাকবে।

পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনোভাবেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্র নিয়ে প্রবেশ করতে পারবেন না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh