
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গৃহবন্দি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এবং ইসরায়েলভিত্তিক দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা শাখা এ অভিযোগের ভিত্তিতে তাকে নিজ বাসভবনে নজরদারির মধ্যে রেখেছে।
প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় ধরে ইসরায়েল আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে আসছিল। এমনকি ইরানের বর্তমান সরকার পরিবর্তনের সম্ভাব্য পরিকল্পনায় তাকে বিকল্প নেতৃত্ব হিসেবেও বিবেচনা করা হয়েছিল বলে দাবি করা হয়। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে একটি জলবায়ু সম্মেলনের আড়ালে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছিল এবং সেই সফরের ব্যয় মোসাদ বহন করেছিল বলেও খবরে বলা হয়েছে।
২০২৪ সালের শুরুতে হাঙ্গেরির লুডোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিস আয়োজিত ওই সম্মেলনে আমন্ত্রিত হয়ে তিনি মোসাদের সাবেক প্রধান ডেভিড বারনিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এর পরবর্তী সময়ে তার ঘনিষ্ঠ সহযোগী ও মুখপাত্র আলী আকবর জাভানফেকরকেও কয়েক দফায় গোপনে অর্থ দেওয়া হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে সামরিক উত্তেজনা শুরুর আগে আরও কিছু বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
দ্য জেরুজালেম পোস্টের তথ্যমতে, ফেব্রুয়ারিতে সংঘাতের প্রথম দিনে তেহরানে আহমাদিনেজাদের বাড়িতে ইসরায়েলি হামলায় তিনি আহত হন। ওই হামলার উদ্দেশ্য ছিল তাকে গৃহবন্দিত্ব থেকে উদ্ধার করা। পরবর্তীতে তাকে একটি গোপন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও সেখান থেকে তিনি বেরিয়ে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নেন। এরপর আইআরজিসি তাকে পুনরায় হেফাজতে নিয়ে গৃহবন্দি করে।
উল্লেখ্য, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদ আহমাদিনেজাদ। তিনি তার শাসনামলে ইসরায়েলবিরোধী কড়া অবস্থান, পারমাণবিক কর্মসূচির প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে তার সঙ্গে ইরানের বর্তমান নেতৃত্বের দূরত্ব বেড়েছে এবং তিনি সরকারের বিভিন্ন নীতির প্রকাশ্য সমালোচনা করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে ইরান সরকার কিংবা আহমাদিনেজাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :