Facebook Twitter Instagram YouTube

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের সংসদ বর্জন


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ণ /
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের সংসদ বর্জন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধান করে সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটির প্রস্তাবিত কাঠামোতে বিএনপি থেকে ৭ জন, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে ১ জন, গণসংহতি আন্দোলন থেকে ১ জন, গণঅধিকার পরিষদ থেকে ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ১ জন, স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে ১ জন এবং বিরোধী দল থেকে ৫ জন অন্তর্ভুক্ত করার কথা ছিল। সোমবার রাতে জাতীয় সংসদে চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম মনি এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন, যা পরে কণ্ঠভোটে পাস হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বিরোধী দল অংশ না নেওয়ায় ১২ জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- সালাউদ্দিন আহমেদ (২৯৪ কক্সবাজার-১), সভাপতি। সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম (বরগুনা-২), মোহাম্মদ আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), জয়নাল আবেদিন (বরিশাল-৩), মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), হাবিবুর রহমান (ভোলা-১), মোহাম্মদ নুরুল হক (পটুয়াখালী-৩), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫), ফারজানা শারমিন (নাটোর-১), সাকিলা ফারজানা (মহিলা আসন-১), মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ। চিফ হুইপ জানান, বিরোধী দলের কাছ থেকে নাম পাওয়া গেলে তাদের ৫ জনকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।

কমিটি গঠনের প্রতিবাদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদ থেকে ওয়াকআউট করেন। তিনি বলেন, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের ক্ষমতা জাতীয় সংসদের এবং ৭ অনুচ্ছেদ অনুযায়ী জনগণ সেই ক্ষমতা সংসদকে দিয়েছে। তিনি অভিযোগ করেন, প্রায় ৬৮ দশমিক ৬ শতাংশ মানুষ গণভোটে যে মতামত দিয়েছেন, সেটিকে উপেক্ষা করে এই কমিটি গঠন করা হয়েছে। বিরোধীদলীয় নেতা জানান, গণরায়কে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনী কমিটি গঠন করা হলে ভবিষ্যতে জনগণ গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থা হারাবে।

ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী মানুষের প্রত্যাশা পূরণে পঞ্চদশ সংশোধনী বাতিল করা প্রয়োজন এবং এর জন্য সংসদীয় প্রক্রিয়াই একমাত্র বৈধ পথ। তিনি আরও বলেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী আলাদা কোনো শপথের সাংবিধানিক ভিত্তি নেই এবং বিরোধী দলের উত্থাপিত দাবি আইনত অকার্যকর। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই কমিটি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, গণমাধ্যম সম্পাদক, সংবিধান বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবীদের সাথে আলোচনার পর ১৮তম সংবিধান সংশোধনী বিল সংসদে উত্থাপন করবে। তিনি বিরোধী দলকে আবেগতাড়িত রাজনীতি পরিহার করে সংসদীয় প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।