Facebook Twitter Instagram YouTube

গাছ লাগিয়ে দায় শেষ নয়, পরিচর্যায় সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ /
গাছ লাগিয়ে দায় শেষ নয়, পরিচর্যায় সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের দুই পাড়ে প্রায় সাড়ে তিনশ’ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা শুধু সরকারের কাজ নয়, বরং নদী-খালসহ প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গাছ লাগিয়ে ছবি তুলে চলে গেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রোপণ করা চারাগুলো বড় করে তোলার দায়িত্ব স্থানীয়দেরই নিতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, স্থানীয়রা যদি আন্তরিকভাবে গাছগুলোর পরিচর্যা করেন, তবে কয়েক বছর পর এই গাছগুলোই ছায়া, বিশুদ্ধ বাতাস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সাগরদী খালের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাল সংরক্ষণ শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়, এর দুই পাড়ে বসবাসকারী প্রত্যেক নাগরিকের সমান দায়িত্ব। তিনি স্থানীয়দের উদ্দেশে আহ্বান জানান, খালে যেন কোনোভাবেই পলিথিন, প্লাস্টিক বোতল বা অন্য কোনো বর্জ্য ফেলা না হয়। এছাড়া সিটি করপোরেশনকে শহরের ডাস্টবিনগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত প্রচারণার নির্দেশ দেন তিনি।

দেশের প্রতিটি অর্জনে জনগণের ঐক্যের শক্তিকে সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন—সব ক্ষেত্রেই মানুষ একসঙ্গে কাজ করেছে। সেই ঐক্যের শক্তিকে এখন দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষাংশে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিকে কেবল একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।