
হরমুজ প্রণালীতে নতুন করে সৃষ্ট উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির ফলে জ্বালানি তেলের মূল্য গত এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ওয়াশিংটন সময় বিকেল ৪টা বা গ্রিনিচ মান সময় ২০০০ ঘণ্টা থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ পুনরায় কার্যকর করতে যাচ্ছে। উল্লেখ্য যে, গত জুনের মাঝামাঝি সময়ে এই অবরোধ প্রত্যাহার করা হয়েছিল।
গেলবার অ্যান্ড অ্যাসোসিয়েটস–এর বিশ্লেষকরা তাদের প্রতিবেদনে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক ইরানি সামুদ্রিক চলাচলের ওপর নতুন বিধিনিষেধ আরোপ, পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় স্বল্পমেয়াদে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তীব্র হয়েছে।
লেনদেন শেষে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭ দশমিক ২৯ ডলার বা ৯ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে। এটি ২ এপ্রিলের পর ব্রেন্ট ক্রুডের সবচেয়ে বড় একদিনের ডলারভিত্তিক উল্লম্ফন এবং ১২ জুনের পর সর্বোচ্চ সমাপনী মূল্য।
অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬ দশমিক ৭৩ ডলার বা ৯ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ১৪ ডলারে পৌঁছেছে। ডব্লিউটিআইয়ের ক্ষেত্রে এটি ২৯ এপ্রিলের পর সবচেয়ে বড় দৈনিক বৃদ্ধি এবং ১৫ জুনের পর সর্বোচ্চ সমাপনী অবস্থান।
আপনার মতামত লিখুন :