Facebook Twitter Instagram YouTube

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা, ভঙ্গ হলো যুদ্ধবিরতি


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ /
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা, ভঙ্গ হলো যুদ্ধবিরতি

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবারের এই হামলার মাধ্যমে সৌদি আরব ও ইরান-সমর্থিত গোষ্ঠীটির মধ্যে চার বছর ধরে বজায় থাকা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে গেল। হুতিদের দাবি, তাদের নিয়ন্ত্রণে থাকা সানা বিমানবন্দরে সৌদি আরব বোমাবর্ষণ করায় তারা এই হামলার সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরব আকাশসীমায় থাকতেই ধ্বংস করে দিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের লক্ষ্যবস্তু ছিল সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য প্রদেশের রাজধানী আবহার আন্তর্জাতিক বিমানবন্দর। ইয়েমেন সীমান্তবর্তী এই এলাকাটি গ্রীষ্মকালে সৌদি নাগরিকদের ভ্রমণের জন্য জনপ্রিয় একটি স্থান।

২০২২ সালের মার্চ মাসে হুতিরা সৌদির জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর পর থেকেই দেশটিতে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর ছিল। চার বছর পর এই প্রথম সৌদি আরবের বিরুদ্ধে কোনো হামলার দায় স্বীকার করল হুতিরা। গ্রুপটি সোমবারের এই হামলাকে ‘নগ্ন আগ্রাসন’ হিসেবে অভিহিত করে জানিয়েছে, এর মাধ্যমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের অধ্যায়ের সমাপ্তি ঘটল।

সোমবারের এই হামলার ফলে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। এর আগে এপ্রিলে ইরান ও সৌদির মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতির পর রিয়াদ এবং পূর্বাঞ্চল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কমে এসেছিল। সৌদি আরব ভৌগোলিকভাবে বড় হওয়ায় যুদ্ধের মধ্যেও তাদের তেল রপ্তানি ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে পেরেছে। তারা হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের উপকূলবর্তী পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ অব্যাহত রেখেছে। তবে হুতিদের সঙ্গে বড় ধরনের সংঘাত শুরু হলে এই তেল রপ্তানি ব্যবস্থা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ বিষয়ে মন্তব্যের জন্য সৌদি সরকারের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১০: ০৪আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০: ০৭