বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হচ্ছে দুই দল। এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে বেশ আক্রমণাত্মক মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার জো কোল।
‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে জো কোল সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, সেমিফাইনালে লিওনেল মেসিকে মাটিতে মিশিয়ে দিতে হবে। তার এই মন্তব্যের প্রেক্ষিতে পডকাস্টে উপস্থিত আরেক প্রাক্তন ইংলিশ ফুটবলার মিকা রিচার্ডস পাল্টা প্রশ্ন করলে কোল দৃঢ়তার সঙ্গে জানান, তিনি তার অবস্থানে অনড়। কোল আরও আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে উঠবে। তার মতে, ইংল্যান্ড দলের যে গতি রয়েছে, তার মোকাবিলা করার মতো সক্ষমতা আর্জেন্টিনার নেই এবং তারা ম্যাচে কোণঠাসা হয়ে পড়বে।
এদিকে ইংল্যান্ডের আরেক সাবেক তারকা ওয়েন রুনি আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্বলতা প্রকট হতে পারে কারণ মেসি সাধারণত রক্ষণকে সাহায্য করার জন্য নিচে নেমে আসেন না। রুনি আরও যোগ করেন, বিশ্বকাপের সেমিফাইনালে কেবল আক্রমণ নয়, প্রয়োজনে নিচে নেমে রক্ষণভাগকে সহায়তা করা জরুরি, যা জুড বেলিংহ্যাম বা হ্যারি কেনের মতো খেলোয়াড়রা নিয়মিত করেন।
রুনি সতর্ক করে দিয়ে বলেন, সামান্য সুযোগ থেকেও গোল করার অদ্ভুত ক্ষমতা মেসির আছে। তাই মেসিকে মার্ক করার সময় ডিফেন্ডারদের মধ্যে সঠিক যোগাযোগ ও সর্বোচ্চ মনোযোগ প্রয়োজন। অন্যথায়, মেসি খুব সহজেই রক্ষণভাগকে বোকা বানিয়ে বেরিয়ে যেতে সক্ষম হবেন এবং এই বিষয়ে ইংল্যান্ডকে বাড়তি সতর্ক থাকতে হবে।
এ সময় পডকাস্টে উপস্থিত ইংল্যান্ডের সাবেক ফুটবলার মিকা রিচার্ডস বলেন, ‘তুমি (কোল) এ রকম কথা বলতে পার না।’ জবাবে কোল বলেন, ‘১০০ বার বলতে পারি।’
আপনার মতামত লিখুন :