
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় এই হামলা চালানো হয়। ওই অডিটোরিয়ামে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।
এনসিপির জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শিব্বির আহমদ জানিয়েছেন, শুধু সারজিস আলমের গাড়ি নয়, এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু ও আতিকুর রহমান মোজাহিদের গাড়িতেও হামলা হয়েছে। এ ছাড়া সাত শহীদ পরিবারের সদস্যদের বহনকারী গাড়িগুলোও আক্রান্ত হয়েছে।
স্থানীয় এনসিপি নেতাদের বর্ণনায়, সভা শেষে সারজিস আলমের গাড়িবহর অডিটোরিয়াম এলাকা ত্যাগ করার সময় কয়েকজন ব্যক্তি গাড়ি লক্ষ্য করে বোতল ছুড়ে মারেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কোমল পানীয়র ছোট বোতল নিক্ষেপ করা হলে সারজিস আলমের গাড়ির পেছনের কাচ ভেঙে যায় এবং ঘটনাস্থলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় গাড়ি লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও দেওয়া হয়।
ঘটনার সময় অডিটোরিয়ামের সামনে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে বোতল নিক্ষেপের এই ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হামলার পর পুলিশ পাহারায় সারজিস আলমকে বহনকারী গাড়িটি সিলেটের দিকে চলে যেতে দেখা গেছে। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :