Facebook Twitter Instagram YouTube

ট্রাম্পের নতুন সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ / ০
ট্রাম্পের নতুন সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

রাশিয়ার জ্বালানি পণ্যের ওপর চাপানো কিছু শুল্ক ও নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পদক্ষেপের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, বাজারে ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাব মূল্যায়ন করছেন বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৯ সেন্ট বা ০.৪৫ শতাংশ হ্রাস পেয়ে ১০৯ দশমিক ০৬ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের নভেম্বরের সরবরাহ চুক্তির দর ০.৩৩ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৩২ ডলারে। উল্লেখ্য, মঙ্গলবারেই এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। পাশাপাশি তুলনামূলক বেশি সক্রিয় থাকা ডব্লিউটিআইয়ের ডিসেম্বরের চুক্তির দামও ৪৬ সেন্ট বা ০.৪৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বাজারে জোরালো ঊর্ধ্বমুখী ভাব লক্ষ্য করা গিয়েছিল। সরবরাহ সংকটের তীব্র আশঙ্কায় আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৭০ ডলারে পৌঁছে যায়, যা ছিল গত ২০ মে-এর পর সর্বোচ্চ দর। তবে রাশিয়ার জ্বালানি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের নতুন বার্তা আসার পরপরই তেলের সেই উর্ধমুখী গতিতে বাঁধ সাধে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত ও হামলার জেরে বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। তবে তা সত্ত্বেও ট্রাম্পের সাম্প্রতিক অর্থনৈতিক ও নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত তেলের বৈশ্বিক বাজারে কিছুটা মন্দা ভাব ও নিম্নমুখী চাপ বজায় রাখছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din