Facebook Twitter Instagram YouTube

মক্কা জোটে যুক্ত হওয়ার ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ /
মক্কা জোটে যুক্ত হওয়ার ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে কোনো ধরনের ঝুঁকি দেখছে না ঢাকা। রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এ কথা জানান। তিনি বলেন, এই জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক মনোভাব পোষণ করছে। জোটে যুক্ত হওয়ার ঝুঁকি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মক্কা চুক্তি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি মূলত চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। তারা বাংলাদেশকে এই জোটে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশ নিশ্চিতভাবেই বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আরও বলেন, মক্কা চুক্তি বিশ্বের মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটি তিনটি দেশের অভ্যন্তরীণ বিষয়। তিনি জোর দিয়ে বলেন, এই চুক্তি নিয়ে অন্য কারো উদ্বেগের কোনো অবকাশ নেই। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তিটি গত ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র আক্রমণ হলে তা সব সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

এদিকে, রবিবার (৩০ আগস্ট) ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে চীনের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত। তারই অংশ হিসেবে দুই দেশ কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করার প্রক্রিয়া চালাচ্ছে, যদিও এর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor