Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর প্রত্যাশা


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ণ /
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর প্রত্যাশা

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বুধবার জাতীয় সংসদ ভবনে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন পাকিস্তানের হাইকমিশনার। তিনি জানান, পূর্ববর্তী বছরের তুলনায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ইতিমধ্যেই ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইমরান হায়দার উল্লেখ করেন যে, পাকিস্তানে বাংলাদেশের জন্য ১০ হাজার টন পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা রয়েছে এবং বাংলাদেশ সরকারকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের নারীদের হাতে তৈরি পণ্য কোনো বাধা ছাড়াই পাকিস্তানে রপ্তানির সুযোগ এবং বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও আনারস আমদানির বিষয়ে পাকিস্তানের সহযোগিতা প্রত্যাশা করেন।

বৈঠকে নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের আত্মকর্মসংস্থান, কৃষি, ডেইরি, পোলট্রি, মৎস্য এবং ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া, হাইকমিশনার জানান যে বাংলাদেশের শিক্ষার্থীরা বর্তমানে সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে যাচ্ছে। পাশাপাশি, বাংলাদেশ সিভিল সার্ভিসের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবদের একটি দল অ্যাকাডেমিক প্রশিক্ষণের অংশ হিসেবে পাকিস্তান সফর করেছে এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।