
কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভুল ধারণা দূরীকরণ এবং তাদের আত্মবিশ্বাসী করে তোলার লক্ষ্যে উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে 'মনের কথা' শীর্ষক একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শারমিন সিদ্দিকা রুমকী উপস্থিত থেকে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টি, মানসিক বিকাশ এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার সঠিক সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ পর্বে একটি উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনের নানা সংশয় ও প্রশ্নের উত্তর সরাসরি জানার সুযোগ পায়।
মনস্তাত্ত্বিক দৃঢ়তা অর্জনের ওপর জোর দিয়ে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তিনি শিক্ষার্থীদের সামাজিক চাপ, তুলনা এবং ব্যর্থতার ভয় কাটিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষভাগে শিক্ষার্থীদের মাঝে সোফি স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। 'জানো, বলো এবং এগিয়ে চলো'—এই বার্তা সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে শরীরের যত্ন নেওয়া যে কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি একটি দায়িত্বশীল কাজ—এই আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :