Facebook Twitter Instagram YouTube

কম্বোডিয়ায় আটকা ১৮০০ বাংলাদেশি, ফেরাতে সরকারের সহায়তা কামনা


প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ / ০
কম্বোডিয়ায় আটকা ১৮০০ বাংলাদেশি, ফেরাতে সরকারের সহায়তা কামনা

চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় গিয়ে প্রতারণার শিকার হয়েছেন ১ হাজার ৮০০–এর বেশি বাংলাদেশি কর্মী। দেশটিতে বর্তমানে আটকে পড়া এসব কর্মীকে জোরপূর্বক অনলাইন স্ক্যাম সেন্টারে কাজ করতে বাধ্য করা হচ্ছে। কম্বোডিয়া সরকার দেশটিতে থাকা সব স্ক্যাম সেন্টার বন্ধের ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে, আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

আজ রোববার মানব পাচারের শিকার ব্যক্তিদের সংগঠন 'অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন' প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এই আবেদন জমা দিয়েছে। সংগঠনটি মানব পাচার প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসন নিয়ে কাজ করে। আবেদনের অনুলিপি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কাছেও পাঠানো হয়েছে।

সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্বোডিয়া সরকার সাধারণ ক্ষমার আওতায় আগামী ৩১ অক্টোবরের মধ্যে নিজ দেশে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে প্রত্যাবাসনপ্রক্রিয়া সম্পন্ন করা, পাচারকারী চক্রের বিচার এবং ভুক্তভোগীদের পুনর্বাসন নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, ১ হাজার ৭৯৭ জনের তালিকা কম্বোডিয়া কর্তৃপক্ষ জরিমানা মওকুফের আওতায় দেশে ফেরার জন্য গ্রহণ করেছে। এ ছাড়া নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা আরও ৪০০–এর বেশি বাংলাদেশি একই সংকটের মুখে রয়েছেন।

ভুক্তভোগী ও তাদের পরিবারের অভিযোগ, বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে যাওয়ার পরও তাদের জোর করে স্ক্যাম কম্পাউন্ডে আটকে রাখা হয়েছে। তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া, শারীরিক ও মানসিক নির্যাতন, চলাচলে বাধা এবং মুক্তির বিনিময়ে অর্থ দাবির মতো ঘটনা ঘটেছে। সংগঠনটির সভাপতি আল আমিন বলেন, বৈধভাবে বিদেশে পাঠানোর পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা, ভ্রমণ নথিপত্র সংগ্রহে সহায়তা এবং কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছে। সেই সঙ্গে, বৈধ ছাড়পত্র নিয়ে যাওয়ার পরও কেন তারা পাচারের শিকার হলেন, তা খতিয়ে দেখতে নিয়োগকর্তা যাচাই ও কর্মস্থল পরিদর্শনের ঘাটতি শনাক্ত করার আহ্বান জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo