
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৭ জুলাই আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করার পর ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। পুলিশের একটি ঘণিষ্ঠ সূত্র মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছে।
কারামুক্তির পর বেনজীর আহমেদ গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে, আদালতের নির্দেশ অনুযায়ী তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন।
আদালত তার জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে। এসব শর্তের মধ্যে রয়েছে, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের জিম্মায় থাকবে এবং আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একাধিক মামলার প্রেক্ষাপটে দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে দুদকের তদন্তের অংশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে আইনি সহায়তা চাওয়া হলে ইন্টারপোলের সমন্বয়ে এবং দুবাই পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। গত ১২ জুন দুবাই পুলিশ চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে তার গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল।
আপনার মতামত লিখুন :