Facebook Twitter Instagram YouTube

গঙ্গাচড়ায় বিড়ির বাজার নিয়ে বিরোধে বিএনপি কার্যালয় ভাঙচুর


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ / ০
গঙ্গাচড়ায় বিড়ির বাজার নিয়ে বিরোধে বিএনপি কার্যালয় ভাঙচুর

রংপুরের গঙ্গাচড়ায় বিড়ির ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মর্নেয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার মর্নেয়া ইউনিয়নের কামদেব শেখপাড়ায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম মিঠুসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আফিজ, আকিব ও নিবিড় বিড়ির স্বত্বাধিকারী এবং মর্নেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম মিঠুর সঙ্গে ফ্রেশ বিড়ির স্বত্বাধিকারী রমজান আলী জিকুর মধ্যে বিড়ির বাজার নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে বুধবার বিএনপি কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

আহত মীর কাসেম মিঠু দাবি করেছেন যে, মর্নেয়া ইউনিয়নে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে মাদক ব্যবসায়ীদের তৎপরতা বন্ধ করে দেওয়ার কারণেই তার ওপর এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে রমজান আলী জিকুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। হামলায় মীর কাসেম মিঠু ছাড়াও ছোট আসাদ ও তৌফিক হোসেন বাবলু মারধরের শিকার হয়েছেন। এ সময় কার্যালয়ে থাকা চেয়ার, ব্যানার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়।

ঘটনার প্রতিবাদে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মর্নেয়া ইউনিয়ন বিএনপি কার্যালয় প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, মর্নেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ এবং জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রুহুল আমীনসহ প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে চাঁদ সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh