Facebook Twitter Instagram YouTube

ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ / ০
ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের ঠিক পরপরই ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদী কিন্তু তীব্র সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা নিয়ে দুই দেশ তাদের প্রস্তুতি জোরদার করছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে ঠিক কবে এই হামলা চালানো হতে পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ গণমাধ্যমটি জানায়নি।

প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এবং পরিকল্পনা সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে বলা হয়েছে, সম্ভাব্য এই অভিযানের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সামরিক মহড়া বাড়িয়ে দিয়েছে। এর অংশ হিসেবে ইরানের পশ্চিমে অবস্থিত প্রতিবেশী দেশ ইরাকের আকাশসীমার ওপর দিয়ে বিমান উড়িয়ে হামলার কৌশল অনুশীলন করা হচ্ছে। তবে এসব প্রস্তুতির অর্থ এই নয় যে, হামলার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য এই অভিযানে কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে, তা নিয়েও পরিকল্পনা তৈরি করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই সামরিক পরিকল্পনায় অনুমোদন দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। চলতি অক্টোবরেই হামলা চালানোর সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না, যদিও সেই সম্ভাবনা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor