Facebook Twitter Instagram YouTube

নরসিংদীর মাধবদীতে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৫


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ / ০
নরসিংদীর মাধবদীতে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৫

নরসিংদীর মাধবদীতে অবস্থিত কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বয়লার বিকল হয়ে যাওয়ার পর একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ঘটা এই দুর্ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের পর কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হানের নেতৃত্বে প্রথমে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে নরসিংদী সদর থেকে আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি (পিএফএম) জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh