Facebook Twitter Instagram YouTube

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৭:০২ পূর্বাহ্ণ / ০
সাইবার নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ

জরুরি সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এখন পর্যন্ত ওয়েবসাইটটিতে কোনো সাইবার হামলা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও তা সমাধানের কাজ চলমান রয়েছে। ঝুঁকি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার পরই ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, এ ধরনের দুর্বলতা কাজে লাগানো হলে সার্ভারের ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। তাই ঝুঁকি মূল্যায়ন এবং নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করছে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপিভিত্তিক আরও কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও একই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ওই নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে কোনো হামলা চালানো হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে সার্ভারে ব্যবহৃত পিএইচপির সংস্করণ শনাক্ত করে জরুরি ভিত্তিতে নিরাপত্তা হালনাগাদ করা প্রয়োজন। দ্রুত ত্রুটি সংশোধন সম্ভব না হলে ফায়ারওয়াল ব্যবহার, অননুমোদিত সংযোগ সীমিত করা এবং প্রয়োজনে সার্ভার সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দিয়েছেন তারা। পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভারভিত্তিক প্রোগ্রামিং ভাষা হলেও, ঝুঁকি মূলত ব্যবহৃত সংস্করণ, নিরাপত্তা হালনাগাদ এবং সার্ভারের কনফিগারেশনের ওপর নির্ভর করে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকায় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন তথ্য ও অনলাইন সেবা ব্যবহারে সাময়িক অসুবিধা হতে পারে। তবে ওয়েবসাইটটি পুনরায় চালুর বিষয়ে নির্দিষ্ট কোনো সময় এখনো জানানো হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin