Facebook Twitter Instagram YouTube

নিরাপত্তাঝুঁকি: ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে বিমান চলাচল স্থগিত


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ণ / ০
নিরাপত্তাঝুঁকি: ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে বিমান চলাচল স্থগিত

সৌদি আরবের দাম্মাম শহরের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল আবারও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ারলাইন্সটির সিদ্ধান্ত অনুযায়ী, দাম্মাম রুটে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দাম্মামগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর আগে কিছুদিন বন্ধ থাকার পর বুধবার এই রুটে ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল সংস্থাটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকা থেকে একটি ফ্লাইট দাম্মামের উদ্দেশে ছেড়ে গিয়েছিল এবং ফিরতি ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা ছিল।

একইভাবে, চলমান হামলার পরিস্থিতি বিবেচনায় ২৫ অক্টোবর থেকে চালুর ঘোষণা দেওয়া রিয়াদ রুটের ফ্লাইটও ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান থাকবে।

জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন। এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে বিমানবন্দরে হামলার ঘটনায় দুইজন বাংলাদেশি আহত হয়েছেন। তাঁরা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানাধীন রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর উপজেলার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh