
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ জুলাই) ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা জোরদার করতে হবে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখতে হবে। এর আগে বেলা ১১টায় সদর দপ্তরে পৌঁছলে বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। মন্ত্রী বিজিবির অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রমের ওপর বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন।
পিলখানাস্থ শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বাহিনীর শৃঙ্খলা, চেইন অব কমান্ড, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পেশাদার আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থেকে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে কাজ করা, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ব্যবহার, সীমান্তবর্তী জনগণের আস্থা অর্জন এবং জাতীয় সংকটে মানবিক ভূমিকার ওপর তিনি আলোকপাত করেন।
সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবির সদস্য ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সারাদেশের বিভিন্ন রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও সীমান্ত ফাঁড়িতে কর্মরত সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে সভায় যুক্ত হন।
মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদর দপ্তরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি পিলখানাস্থ সীমান্ত গৌরব, ২০০৯ সালের শহীদ স্মৃতিস্তম্ভ এবং দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সীমান্ত কুঞ্জ এলাকায় বৃক্ষরোপণ করেন। পরিদর্শনের শেষে তিনি শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমসাময়িক বিষয়ে প্রশ্নের উত্তর দেন।
আপনার মতামত লিখুন :