
রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাটে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে দেড় হাজারের বেশি বিলাসবহুল সামগ্রীর তালিকা তৈরি ও জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মূল্যবান পোশাক, ঘড়ি, আসবাব ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ সোমবার জানিয়েছেন, গুলশানের নর্থওয়েস্ট বি ব্লকের একটি ভবনের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মোট ২৬৯ ধরনের পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে এ-৭ নম্বর ফ্ল্যাট থেকে প্রায় ১ হাজার ১৩৫টি এবং বি-৭ নম্বর ফ্ল্যাট থেকে প্রায় ৪০০টি সামগ্রী উদ্ধার করা হয়।
জব্দ করা সামগ্রীর তালিকায় রয়েছে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, প্রায় ১০০টি কামিজ, আটটি ঘড়ির বক্স—যার মধ্যে চারটি রোলেক্স ব্র্যান্ডের। এছাড়া মুক্তার গহনা, ঝাড়বাতি, বেড, সোফা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), সিলিং ফ্যান, ট্রেডমিল, ফ্রিজ, স্যুটকেস ও চেয়ার-টেবিলসহ বিভিন্ন বিলাসবহুল পণ্য জব্দ করা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া রোলেক্স ঘড়িগুলোর ক্রয়রসিদ অনুযায়ী প্রতিটির মূল্য ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী দুই দিন ধরে ইনভেন্টরি বা সম্পদের তালিকা তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে। এর আগে চলতি বছরের ২ জুলাই আদালতের নির্দেশে গুলশানের এই দুটি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে নেওয়া হয়।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ক্ষমতার পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় তার স্ত্রী রুকমীলা জামান, ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকেও আসামি করা হয়েছে। এছাড়া ২৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে তার নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট এবং ১৩ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে থাকা বাড়ি ও ফ্ল্যাট জব্দের নির্দেশ দেন আদালত।
আপনার মতামত লিখুন :